আজ নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে । উক্ত তালিকা অনুযায়ী, আগামী নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোট দিতে পারবেন। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
আজ ১৮ নভেম্বর রোজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
তিনি আরও বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।
এর আগে, গত ৩ নভেম্বর সোমবার প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। সে অনুযায়ী, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দারিয়েছে প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন ও নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন ।

